মাঝে মাঝে হৃদয়ের কপাট বন্ধ হয়ে যায়
আমি খুঁজে খুঁজে পাই না কোন ছন্দ,
শব্দাবলী ধর্মঘট করে মননের রাজপথে
গদ্যের পাণ্ডুলিপি পড়ে থাকে দোটানায়।

একালের গণমানুষের হাল
সাধারণ নাগরিক সব- ভুবুক্ষ বৃশ্চিক পাল!

গোমরামুখো আকাশকের করুণার ধারাকে তখন
ভাজা চানাচুর, সীম-বীচি আর চালা কুমড়ার দানা,
ভেজা পাতাদের শুকনো তলার লোভ দেখিয়েও যায় না আনা;
ঝরাতে পারি না নির্ঝর- প্রজন্মের নেতৃত্ব এখন।

দোয়াতের প্রচলিত দিন শেষ; রাজাদের কেউ নেই বেঁচে তেমন
উলটে পড়ে না তাই আমার ধবধবে কাগুজে জমিনে; ভাবি নির্ভয়,
বিশ্বগ্রামের আধুনিকতায় বলপেনের ব্যবহার একবারই হয়;
শোষিতের সিংহ দুয়ার ভাঙ্গে অত্যাচারিত জনগণ যেমন।

মাঝে মাঝে মনে হয় উপড়ে ফেলি এই রাজপথ, সিংহাসনের কাঠামো সত্যবিমুখ!
যে রক্ত এখনো চুইয়ে চুইয়ে ঝরে, যে ব্যাথা এখনো নিশিথে নিভৃতে কাঁদে,
কবরের কাছে জমা রাখে সুখ-দুঃখের স্বপ্ন-শিকে আর নাড়ীতে পাথর বাঁধে,
আমি জেগে উঠি অবচেতনার খোলস ছিঁড়ে এবং খুলে দেই সব আগ্নেয়গিরির জ্বালামুখ!

মাঝে মাঝে তাই হৃদয়ের কপাট বন্ধ হয়ে যায়…
আমি গুমরে গুমরে কাঁদি রক্তস্নাত হৃদয়ের বেদনায়…!

২৮ আগষ্ট ২০০৬
রাবওয়া, রিয়াদ, সৌদি আরব।

Share