তুমি কি জানো পথিক!
সময়ের কোন সুফলা প্রান্তর দিচ্ছো পাড়ি?
ঐ দেখ পশ্চিমাকাশে বাঁকা হেলাল
সাথে সন্ধ্যার পরিবর্তিত রঙ লাল;
ঠিক তখনি খুঁজে নাও তোমার দিক।
ক্ষণকাল পরে নামবে আঁধার এই ধরায়
পথিক তোমার গন্তব্য দেখে নাও।
মিনার হতে শুনছো নাকি এশার আযান?
প্রস্তুত হও সম্মুখে নামাযের অভিযান।
রমজানের এই রোযা এলো পরম্পরায়;
কেবল মুসলমানের জন্য ফরয হয়নি সিয়াম
সকল জাতির জন্য ছিল এই ইবাদাত।
লক্ষ্য আমরা সবাই হবো মুত্তাকীন
এক আল্লাহর জন্যে সিয়াম এই একীন
বুকে বেঁধে দাঁড়িয়ে গেলাম করতে কিয়াম।
দিনের সূর্য হেলান দিয়ে দেখছে তোমায়
ক্লান্ত দেহে শ্রান্ত মনে আছর পড়ে
দিনের কষ্ট সইছো তুমি সাঁঝের বাঁকে;
ঠিক বুঝে নাও দীন-দুখীদের যন্ত্রণাকে
নিত্য যারা উপোষ কাটায়; রাত্রে ঘুমায়।
তোমার জন্য সাজানো রয়েছে নানাপদ ইফতারী
সেই উপোষীরা জানে না কখন খাবে
অজস্র হতে তাদেরেও কিছু দিও
এই মৌসুমে কল্যাণ বুঝে নিও;
রাইয়্যান হতে ডাকবে তোমায় ফিরিশ্তা সারি সারি।

৫ সেপ্টেম্বর ২০০৮, মদীনা মুনাওয়ারা, সউদী আরব।

Share