তোমাকে কষ্ট দিলে বিপদেরা তাদের লালাময় জিহ্বায়
আমার শরীর শোঁকে,
যেন আমি এক সুস্বাদু খাবার
দু’চারটে লেহনিকে শিরশিরিয়ে চলে যেতে দেখি আশপাশে।
ওরা কখনো আসে পুলিশের তাড়া হয়ে
কখনো এক্সিডেন্টের কর্কশ শব্দের সাথে জব্দ হয়ে
কখনো বা মৃত্যুর শীতল বাতাস!
তোমাকে কষ্ট দিলে কষ্টেরা আমাকে পেঁচিয়ে ধরে
এ তো আমি আশৈশব থেকে দেখা,
আমি চাইনে তোমায় কষ্ট দেই কখনো
কেন চাইনা?
বিপদের ভয়?
আমার ভালোবাসা?
তোমার স্নেহ মমতা?
আমি জানিনা কোনটি সঠিক উত্তর হবে;
শুধু জানি তোমার শরীরের রক্ত এখনো প্রবাহমান
আমার সারাটি হৃদয় জুড়ে
প্রতিটি শিরা উপশিরায়।
এখনো ক্লান্তিতে শান্তি আসে তোমায় ডেকে
বিসুখের মাঝে সুখ খুঁজে পাই তোমারি মমতার ভাবনায়
পারবে কি তুমি আমায় অভিশাপ দিতে?
পারবে কি ধুয়ে ফেলতে তোমার ভালোবাসা
জননীর চির মমতার আসনে যে তুমি সমাসীন!

৪ আগষ্ট ২০০৮
মদীনা মুনাওয়ারা, সউদী আরব।

Share