রুদ্র ডামাডোলে বাজে জীবনের জয়গান
তবু মন তো চায় না করি গাত্রোত্থান,
পৃথিবী চলে যাক আমাকে ফেলে এই বেলা
দৌড়ে দৌড়ে ধরে নেব তার সাথ ওবেলা।
যা কিছু অপেক্ষমান পড়ে থাকে নিরব নিথর
আগামী কালেও দেখা যায় তাদের বহর,
আমিও না হয় তাদেরই একজন হয়ে র’বো
আজকের কথাগুলো আগামী কালই ক’বো।
এই বেলা ডেকো না আমায় কোন প্রিয়জন
নিদ্রাদেবীর চেয়ে প্রিয়তর পাই না এখন,
অগাধ সম্পদের মোহ ছুটে যায় আশপাশে
আমি হাতড়ে দেখি বালিশটা আছে কি পাশে!
কর্মগুলো যন্ত্রণা দেয় দৈনন্দিনতায় সারাক্ষণ
ঘুমভাঙ্গা চোখ রগড়ে সে পৃথিবী দেখার ক্ষণ;
সেটুকুই জীবন, বেঁচে থাকা এই আনন্দধামে
বাকীটা সময় মরণের কাছাকাছি বেঘোর ঘুমে।

২৯ জুলাই ২০০৮
মদীনা মুনাওয়ারা, সউদী আরব।

Share