তুমি যদি চলে যাও দূরে
আমার থেকে অনেক দূরে
গুবাক পাতায় পাতায় ঘেরা সীমানা পেরিয়ে
ওপাশের কোন ইট-শুড়কির কারুকাজে;
আমি বাধা দেব না তোমায়।
ভালবাসার সাথে বাধার সম্পর্ক খুঁজে পাইনি
যদি ধরে রাখতে পারি
যদি ‘বাধা’ দিতে পারি
সে আমার ভালবাসার শক্তিতে
যদি চলে যাও তবে আমার সান্ত্বনা হবে
ভালবাসতে পারিনি তোমায়
যা ছিল হয়তবা সে ভালবাসা নয়
হয়ত অন্য কিছু।
কোটি মুখের ভিড়ে তুমিই সেরা আমার দু’চোখে
তোমাকে ভালবাসার অধিকার হয়ত আমার আছে
এ পাশ থেকে, গোপনে, প্রকাশ্যে, কাছে এবং দূর থেকে
ভালবাসা প্রয়োগের অধিকার নেই
যদি না ও পাশেও ফোটে ভালবাসার ফুল।
ভালবাসা পূর্ণতা পায় দু’হৃদয়ের সহযোগে
একা একা মনে মনে তুমিই আমার স্বপ্ন
আমিও যদি না হই তোমার স্বপ্ বুকের, দু’চোখের
সে তো আমারি দুঃস্বপ্ন নিশ্চিত।
এই অনিশ্চিত পথে প্রায়োগিক ভালবাসা ‘ভুল’
অন্যায়, অবিচার, যুলুম, নির্যাতন আরো আরো
আমি বাধা দেব না তোমায়, কারণ
ভালবাসার সাথে বাধার সম্পর্ক খুঁজে পাইনি আমি…।

Share