এক, দুই, তিন, চার… এভাবেই
স্বপ্নের সিঁড়ি-ধাপগুলো ঘামে অশ্রুতে
ধুয়ে মুছে সাজিয়ে দিলাম হৃদয় ভাঙ্গা সকালে।
ধাপ ধাপ সিঁড়ি বেয়ে উঠে এলাম আজ
মাঝখানে ব্যবধান ছিল পনর বছর,
তুমি কত বদলে গেছ।
‘কাউকে ভুলে থাকতে যদি চাও তবে
রাগ করে কথা বলো না আর’
-এ সূত্র আমারি আবিস্কার।
মনের যে অংশ জুড়ে তুমি ছিলে অম্লান
সাজানো গোস্বার সবটুকু কুয়াশায়
ঢেকে দিলাম তোমার স্মৃতি কথা যত;
আমি ভাঙ্গতে ভাঙ্গতে জুড়ে থাকলাম
পৃথিবীর সাথে
নিয়মের পথে।
তারপর হঠাৎই সাহসী হয়ে উঠলাম
তোমার মুখোমুখি দাঁড়াবো বলে,
মুহূর্তে উবে গেল আবছায় সময়ের পর্দা
অন্তরীত বাষ্পেরা উড়ে উড়ে দু’চোখে নামালো শিশির।
আমি আর মেলাতে পারিনি সূত্র
রুখতে পারিনি তোমার দু’চোখে
আমার হারিয়ে যাওয়া।
৫ ফেব্রুয়ারী ২০০৯
রিয়াদ বিমান বন্দর, সউদী আরব।


০ জন অতিথি মতামত দিয়েছেন " হারানো দু’চোখ " লেখাটিতে
comment rss যুক্ত করুন অথবা Trackback করুন।লেখাটি সম্পর্কে মতামত রাখুন