একদিন তুমি একটি ফুলের মালা হাতে দিয়ে
বল্লে: এ শুধু তোমার তরে,
আমি তা-ই নিয়ে ফিরে এলাম
তোমাকে আর আনা হলো না আমার শূন্য ঘরে।
একুশের সে ভোরে ফুলেরা আমার হলো না কেউ
ওরা যে লুকিয়ে ছিল তোমারি ওড়নার আড়ালে,
ভালবাসা কি যে তা বুঝিনি সেদিনও, তবু
আমি যে তোমার দিওয়ানা; সেকথা বন্ধুরা যায় বলে।
তারপর দিনগুলো নিয়ে আসতো নানা বিভোরতা
যাবার বেলায় ছড়িয়ে যেত লালিমার মোহ এ প্রাণে
তোমার বাড়ীর পথের ঘাসেদের কাছে জানতে চেও
কি কথা বলেছিলাম সেদিন তাদের কানে কানে।
কাদাজল মাখা দু’হাতে যখন একগোছা চুল গোছালে
ফুলগুলো আমার তখনি বুঝি ভুল হতে শুরু হলো,
ফিরিনি আর কখনো ঘ্রাণেদের কাছাকাছি, অবশেষে
তোমাকে দেখার সমাপ্তি টেনে নিজেকে বল্লাম: ফিরে চলো।
আমার ঘরে এখনো অন্ধকার কেউ নেই বাতি জ্বালাবার
ফুলগুলো ফুটুক তোমার আঙনে সুবাসিত হও তুমি,
এ দুয়ার খোলা তবু কখনো দেখিনি আজো কোন ভিখারিনী
বলেনি কেউ; এসো ভালবাসি আর বদলে ফেলি এ বেদনা-ভূমি।

২১ নভেম্বর ২০০৮
ম.মু.স.আ।

 

Share